বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়ার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান।নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে নীল প্যানেল। এই গৌরবোজ্জ্বল বিজয় উপলক্ষে দেওয়া এক অভিনন্দন বার্তায় ড. আসিফ মিজান গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন।অভিনন্দন বার্তায় প্রফেসর ড. আসিফ মিজান উল্লেখ করেন, "এই জয় কেবল একটি প্যানেলের বিজয় নয়; বরং এটি ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসনের পক্ষে সচেতন আইনজীবীদের কণ্ঠস্বরের প্রতিফলন। বিজ্ঞ আইনজীবীদের এই গণরায় সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, দেশের বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জাতীয়তাবাদী আইনজীবী সমাজ সর্বদা আপসহীন ও অতন্দ্র প্রহরী।"তিনি আরও বলেন, এই বিজয় বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। নবনির্বাচিত এই মেধাবী ও দূরদর্শী নেতৃত্ব তাঁদের সততা ও অকুতোভয় সাহসিকতার মাধ্যমে সুপ্রিম কোর্টের মর্যাদা ও ঐতিহ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।ড. আসিফ মিজান নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, "আমি বিশ্বাস করি, এই কমিটি সাধারণ বিচারপ্রার্থী মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা এবং বিচার বিভাগের ওপর জনগণের আস্থা সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা পালন করবে।"বার্তার শেষাংশে তিনি নবনির্বাচিত সকল কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানান এবং তাঁদের ভবিষ্যৎ সকল জনকল্যাণমুখী ও পেশাগত উদ্যোগের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।