ময়মনসিংহ, ৩১ আগস্ট ২০২৬: জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জনস্বার্থে কিছু ত্যাগ স্বীকার করেও কাজ করতে হবে।সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।মন্ত্রী বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করাই এ সমন্বয় সভার অন্যতম লক্ষ্য।তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারলে জনগণ তাদের প্রাপ্য সেবা ও অধিকার বুঝে পাবেন। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, তাও পূরণ হবে। আর কাজ সঠিকভাবে করতে ব্যর্থ হলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।এ সময় মন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন। তিনি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জেলার সব দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।তিনি ভবিষ্যতে কাজের গতি ও সমন্বয় আরও জোরদার করে জনগণের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা, স্থানীয় জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের প্রশাসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।