নজর বিডি

বাণিজ্য

১০ লাখ পরিবার সুলভ মূল্যে প্রোটিন খাদ্য পাবে: সালাউদ্দিন টুকু

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি (৬ ফাল্গুন): সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছ দেওয়া হবে। তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন। আজ সকালে রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সরকারের এ উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর অবদান স্মরণ করে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়া খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়া উপস্থিত ছিলেন মশিউর রহমান, সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং মোহাম্মদ ইকবাল হোসাইন, সভাপতি, বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন। মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১০ লাখ পরিবার সুলভ মূল্যে প্রোটিন খাদ্য পাবে: সালাউদ্দিন টুকু