নিজস্ব প্রতিবেদক, nazarbd:
সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর
রামপুরা উলনের একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করে
হাতিরঝিল থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার
মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৩ জুন
হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়া মনি ঢাকার
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন। মামলায় আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার ভিত্তিতে গত ১২ নভেম্বর আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ওয়াহিদুজ্জামান হিরো আলমের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ সেই পরোয়ানা বাস্তবায়ন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে যা বলা হয়েছে
অভিযোগে বলা হয়, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে
মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম তাঁকে
তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
২১ জুন মীমাংসার উদ্দেশে হাতিরঝিল থানার এলাকায় একটি বাসায় ডাকা হলে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাদী ও তাঁর পরিবারের সঙ্গে
অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর তাঁরা রিয়া মনির বর্তমান বাসায়
বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে
মারধর করেন। এতে রিয়া মনির
শরীরে জখম হয় এবং তাঁর গলায় থাকা
দেড় ভরি সোনার চেইন চুরি হয়।
আপনার মতামত লিখুন