দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।