ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং বিমান সংস্থা মাহান এয়ারকে পণ্য বিক্রি, লজিস্টিক ও বাণিজ্যিক সহায়তা দেওয়ার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
শুক্রবার (৩১ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
ওয়াশিংটনের দাবি, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত আইআরজিসির হয়ে অস্ত্র ও কর্মী পরিবহনে অভিযুক্ত মাহান এয়ারের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মাহান এয়ারের জন্য বিভিন্ন পণ্য সংগ্রহ, পরিবহন, লজিস্টিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় জড়িত ছিল। এসব কার্যক্রমের মাধ্যমে আইআরজিসির আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনায় সহায়তা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
নতুন নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যেকোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ থাকবে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আইআরজিসি ও মাহান এয়ারের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ওয়াশিংটনের অভিযোগ, মাহান এয়ার মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে আইআরজিসির সদস্য, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ভূমিকা রাখে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
আপনার মতামত লিখুন