বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাশে জাপুসা চৌরাস্তা সিএনজি স্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিকের পেছনের বাসিন্দা ফয়েক শেখের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার এসআই সৌরভ দাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁর গতিরোধ করে এলোমেলোভাবে গুলি চালায়। একটি গুলি তাঁর মাথায় এবং অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর শেখকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে ওই এলাকার বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। পরে ৯৯৯ থেকে বিষয়টি থানায় অবহিত করা হয়।
রূপসা থানার এসআই সৌরভ দাশ বলেন, “ঘটনার সময় আমরা জাপুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তথ্য সংগ্রহ করি। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
আপনার মতামত লিখুন