পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
আগেই ঘোষণা ছিল, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও ছুটি যুক্ত হওয়ায় ঈদের আগে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি হিসেবে থাকবে। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় এবার ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি কার্যকর হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন