ঈদের আনন্দঘন মুহূর্তেও দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ ঢাকায় ফিরছিলেন কর্মস্থলে যোগ দিতে।
বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, নড়াইল, গাইবান্ধা, মাদারীপুর, ফরিদপুর ও নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জে। ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন— পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোহাগ (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম এবং ছয় বছরের ছেলে আহমদ আলী। এ ছাড়া নিহত হন বাগেরহাটের শাওন ঢালী ও শোয়েব শেখ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬)। বৃহস্পতিবার সকালে পৌর শহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ফয়সাল ঢাকার টঙ্গীর একটি মাদরাসার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
দিনাজপুরের ঘোড়াঘাটে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শিশু— আব্দুল্লাহ (৪) ও আরিফা (৪)। বৃহস্পতিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কানাগাড়ি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন শিশু দুটির মা।
নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন সাব্বির গাজী (১৮) নামে এক যুবক। গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা শওকত হোসেন (১৯)। বিকেলে ঢাকা-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হরিপুর ইউনিয়নের শহরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই চালক— সাইফুল মোল্লা (২৫) ও আল ইমরান শরীফ (২৮)। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুই আরোহী।
এদিকে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাথী বেগম (২৭) ও তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান হাসেন। ঈদের নতুন জামা কিনে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন।
স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন নিহতদের পরিবারগুলো। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে দেশের বিভিন্ন এলাকার পরিবেশ।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন