নরসিংদীর রায়পুরা উপজেলার লাভলু নামের এক জনপ্রিয় কুকুরকে টোটা বিদ্ধ করে হত্যার অভিযোগে থানায লিখিত অভিযোগ দায়ের করেছেন জিহাদ মিয়া। আর কুকুরটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
জিহাদ মিয়ার পালিত কুকুরের নাম লাভলু। ফেসবুকে Its Kasmir নামক পেজে লাভলুকে নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করে মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন জিহাদ।
ইতোমধ্যে লাভলুকে নিয়ে তার করা কনটেন্ট এরই মধ্যে মিলিয়ন ভিউ হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলুর নামে জন্মদিন পালন করা হয়। কিন্তু জন্মদিনের পরদিনই লাভলুকে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশ মানুষ। এসময় থানা কমপ্লেক্সেই জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ইটস কাশ্মির’ (Its Kashmir) নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে (কনটেন্ট) তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব কনন্টেন সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। সোমবার লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করেন স্থানীয় রতন মিয়া (৪০)। তাকে সহযোগিতা করেন কয়েকজন।
পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়াসহ এলাকার কয়েকশ লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন। এদিকে লাভলুর নির্মম মৃত্যুতে Its Kashmir পেজে শোক জানিয়েছেন দর্শকরা।
জিহাদ মিয়া প্রতিকেদককে বলেন, আমি ছয় বছর ধরে লাভলুকে লালন পালন করে আসছিলাম। সে খুব শান্ত স্বভাবের। কাউকেই আক্রমণ করত না। তাকে নিয়ে ২০২১ সালের শুরুতে আমাদের Its Kashmir নামে একটি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে থাকি। যা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। ফলে আমার ফেসবুক থেকে ভালোই আয় হতে থাকে। আর এটি নিয়ে হিংসা করতে শুরু করেন রতন মিয়া। এ হিংসা থেকেই তারা আমার লাভলুকে টেঁটাবিদ্ধ করে হত্যা করেছে। আমি লাভলু হত্যার বিচার চাই।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় কুকুরের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য সেটিকে পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন