অনলাইন ভার্সন
ফরিদপুর
✏️ স্টাফ রিপোর্টার -
সাদিয়া নূর পূর্ণ
গণভোটকে পদ্ধতিগত পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে ফরিদপুরে সরকারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, বর্তমান নির্বাচন একটি অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রীয় সংস্কার, বিচার নিশ্চিত করা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার সম্পন্নের পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
আরোও পড়ুন: আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ভারসাম্য রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব পক্ষকে অন্তর্ভুক্ত করে ১১টি প্রশাসনিক কাঠামো গঠন করেছে এবং সেসব কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই গণভোটে চারটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এ কারণে গণভোটে ভোট চুরির কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে একসময় আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু স্বৈরাচার পুরোপুরি বিলুপ্ত না হয়ে ফ্যাসিস্ট রূপে সমাজে বিদ্যমান ছিল। জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটেছে, গণভোটের মাধ্যমে সেটিকে আরও সুদৃঢ় করতে হবে। এজন্য তিনি সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভোটের গাড়ি নিয়ে গণভোট প্রচারণার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বিকা মেমোরিয়াল ময়দানে গিয়ে শেষ হয়।
লেখিকা: গণমাধ্যমকর্মী
আপনার মতামত লিখুন