সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। সভায় পেশাদারিত্বে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন পদমর্যাদার সদস্যরা ব্যক্তিগত ও দাপ্তরিক নানা সমস্যা ও আবেদন তুলে ধরেন।

কমিশনার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জিএমপিতে কর্মরত সকল সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
পরে সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। অনুদ্ঘাটিত মামলাসমূহ দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগর এলাকার বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন