শনিবার (০৪ এপ্রিল) :
জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নগরীর শিকারীকান্দা ছত্রপুর এলাকায় তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় ৬৪টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ লক্ষ্যে বিভাগীয় শহরসহ ২৬টি জেলায় ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “এটি আমার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। কয়েক সপ্তাহের মধ্যেই আরও চারটি ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। নির্ধারিত সময় ও মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।
গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে ভুল তথ্য বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, ময়মনসিংহে ১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট বিভাগীয় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ১৮ মাস মেয়াদি চুক্তি সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
নির্মাণাধীন এ তথ্য কমপ্লেক্সে সিনেপ্লেক্স, ইন্টারনেট/সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ এবং আধুনিক ডিজিটাল ল্যাব স্থাপনের সুবিধা থাকবে।
আপনার মতামত লিখুন