ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুরের করিমপুরে আবুল হোসেন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং বিপরীতমুখী আরেকটি বাস করিমপুরে পৌঁছালে সামনাসামনি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন