ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় করণীয় সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কয়েকটি নির্দেশনা দিয়েছে...
গত সাড়ে ৩১ ঘণ্টায় দেশে চারটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বিভিন্ন অঞ্চল। আজ শনিবার সকালে একটি এবং সন্ধ্যায় পরপর দুটি ভূকম্পন অনুভূত হয়। এর আগের দিন শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প হয়।
শুক্রবারের ভূমিকম্প সারা দেশে অনুভূত হয়। আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বের হয়ে আসেন। হুড়োহুড়ি ও লাফিয়ে নামার সময় শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক ব্যক্তি আহত হন।
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় করণীয় সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কয়েকটি নির্দেশনা দিয়েছে। তাঁদের পরামর্শ অনুযায়ী—
ভূমিকম্পের সময় যা করবেন
- আতঙ্কিত না হয়ে আশপাশের নিরাপদ জায়গায় আশ্রয় নিন
- বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে শক্ত আসবাবপত্রের নিচে লুকান
- রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন
- বিম, কলাম, পিলারের পাশে থাকুন
- স্কুলে থাকলে স্কুলব্যাগ দিয়ে মাথা ঢেকে শক্ত টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নিন
- বাইরে থাকলে গাছ, উঁচু ভবন ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে অবস্থান করুন
- সিনেমা হল, হাসপাতাল বা মার্কেটে ভিড় ও ধাক্কাধাক্কি এড়িয়ে বসে পড়ুন
- কম্পন থেমে গেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে খোলা স্থানে যান
- গাড়িতে থাকলে নিরাপদ দূরত্বে গাড়ি থামিয়ে ভেতরেই অপেক্ষা করুন
ভূমিকম্পের সময় যা করবেন না
- ঝাঁকুনি চলাকালে লিফট ব্যবহার করবেন না
- তাড়াহুড়ো করে ভবন থেকে লাফ দেবেন না
- চাপা পড়লে অতিরিক্ত নড়াচড়া করবেন না—মুখ কাপড়ে ঢেকে ধুলো থেকে সুরক্ষিত থাকুন
- প্রথম কম্পনের পরই নিশ্চিন্ত হবেন না—আবারও কম্পন হতে পারে
এ ছাড়া বাড়িতে টর্চলাইট, ব্যাটারিচালিত রেডিও, পানি ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন