দুই ড্রেজার ধ্বংস
- বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসমূহ ধ্বংস করা হয়েছে।
- সক্রিয় অবস্থায় থাকা দুটি ড্রেজার মেশিন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
- তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
- অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
- এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার -
গাজী মো: নিয়ামুল ইসলাম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কুমার নদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসমূহ ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী, ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাছনাত-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদে সক্রিয় অবস্থায় থাকা দুটি ড্রেজার মেশিন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামও বিনষ্ট করা হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।
অভিযান টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পলায়নকৃত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাছনাত বলেন, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন