ঈদের বার্তা ছড়িয়ে সাংবাদিকদের উপহার দিল মুকসুদপুর প্রেসক্লাব
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা, মুকসুদপুর প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজন
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাব এক আন্তরিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে। উপহার বিতরণকে কেন্দ্র করে প্রেসক্লাব প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে সহমর্মিতা ও সৌহার্দ্যের এক সুন্দর দৃষ্টান্ত ফুটে ওঠে।
স্টাফ রিপোর্টার - সুমাইয়া নূর প্রভা
বুধবার (১৮ মার্চ) সকালে ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে পুরুষ সাংবাদিকদের মাঝে পাঞ্জাবি এবং নারী সাংবাদিকদের হাতে থ্রি-পিস তুলে দেওয়া হয়, যা উপস্থিতদের মাঝে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া। তিনি বলেন, “সমাজের উন্নয়ন ও সত্য প্রকাশে সাংবাদিকদের অবদান অপরিসীম। তাদের পাশে দাঁড়ানো এবং সম্মান জানানো আমাদের দায়িত্বের অংশ।” তিনি উপস্থিত সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। বক্তারা বলেন, এমন আয়োজন শুধু উপহার প্রদান নয়, বরং এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও সুদৃঢ় করে।
এ সময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শামচুল আরেফিন মুক্তা ও হুসাইন আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্কর, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহবুবা হোসেন অন্তু, সদস্য নূর আলম শেখ, নিয়ামুল ইসলাম, আশিকুর নুর দিপু, মোঃ কামরুল মিয়া, জান্নাতুল ফেরদাউস পাপড়ী, সুমাইয়া নূর প্রভা, মোঃ মিরান গাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঈদের আগে এ ধরনের আয়োজন পেশাগত সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত বন্ধনও মজবুত করে। এতে সংগঠনের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।
অনুষ্ঠান শেষে সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রেসক্লাব নেতারা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এবং সংগঠনের বন্ধন আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণ করা হবে।
উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন