রাজধানীর আদাবর থানাধীন শেখের টেক এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ ও ২টি প্রাইভেটকার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় পাবনা জেলার অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও শ্যুটার আলমগীরসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল তিনটার দিকে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে হত্যাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বাহিনীটি। একইসঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১২ এর একটি আভিযানিক দল যৌথ অভিযান চালায়। এ সময় অভিযুক্ত মো. রকিব রানা (৫৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪টি লং রাইফেল, ৫টি একনলা বন্দুক, ম্যাগাজিনসহ ২টি ১২ বোর শর্টগান এবং ২টি খালি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
এ ছাড়া ২৯৮টি রাইফেলের গুলি, ৫০০টি শর্টগানের কার্তুজ এবং ৯৯টি পিস্তলের গুলিসহ মোট ৮৯৭ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়। একই সঙ্গে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত রকিব রানার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন শেখের টেক এলাকা থেকে মো. আলমগীর হোসেন ওরফে শ্যুটার আলমগীর (৪৫) কে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত রকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা ও চেক জালিয়াতিসহ তিনটি মামলা রয়েছে। অপরদিকে আলমগীর হোসেনের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র ও হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন