বাংলাদেশ
রাজনীতি
রাজধানী , ঢাকা
এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা, লন্ডনে নেওয়ার বিকল্প ভাবছে কাতার; জুবাইদা রহমান ঢাকার পথে...
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের বিষয়ে নতুন গতি এসেছে। দলের দায়িত্বশীল সূত্র জানায়, কাতার থেকে ঢাকাগামী এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত প্রস্তুত না হলে তাঁকে লন্ডনে নেওয়ার জন্য কাতার কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে।
এদিকে লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতের কাছাকাছি) ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন খালেদা জিয়ার ছোট ছেলে তারেক রহমানের স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমান। বিএনপি সূত্র বলছে, তিনি শুক্রবার দিনের প্রথমার্ধে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির পাশে যাওয়ার পরিকল্পনা করেছেন। প্রয়োজনে তিনি লন্ডনগামী ফ্লাইটেও সঙ্গে থাকতে পারেন।
আরও পড়ুনঃ আরো ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, বাকি ২৭টি শরিকদের জন্য রাখা
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বৃহস্পতিবার বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, বেগম জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি ত্বরান্বিত করতে জুবাইদা রহমানের ঢাকায় আগমন জরুরি হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, ফ্লাইট ব্যবস্থা আগেই চূড়ান্ত হলে অথবা জুবাইদা রহমান পৌঁছাতে না পারলে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসে অবস্থান করছেন। এছাড়া খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমানসহ কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে থাকার কথা রয়েছে।
আরও পড়ুনঃ সংকটাপন্ন অবস্থায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উত্তেজনা
বিএনপি চেয়ারপারসন গত ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নয়। তাঁকে নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও প্রার্থনা চলছে।
গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানকার হাসপাতালে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর গত ৬ মে দেশে ফেরেন তিনি।
২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত রোববার ভোরে শারীরিক জটিলতা বেড়ে গেলে তাঁকে এসডিইউ থেকে স্থানান্তর করা হয় সিসিইউতে।
আপনার মতামত লিখুন