নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকার উত্তর সিটি কর্পোরেশন (DNCC)-এর ড্রেনেজ সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই অভিযোগগুলো মূলত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও মান নিয়ে প্রশ্ন তুলেছে।
সরেজমিনে দেখা যায়, উত্তরা ৪নং সেক্টর ১৩ নং রোডের ড্রেনেজ লাইনের ঢালাই কাজে ভিটি বালু ব্যবহার করা হচ্ছে। ইটের গাঁথুনিতে নামমাত্র বালুর সাথে সিমেন্ট দেওয়া হচ্ছে এবং ভাঙাচোরা ইটের ওপর প্লাস্টার করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও সিমেন্ট ছাড়াই ঢালাইয়ের কাজ চলতে দেখা গেছে। এ বিষয়ে কর্মরত শ্রমিকদের জিজ্ঞাসা করা হলে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
নিয়ম অনুযায়ী কাজ চলাকালীন সময়ে সাইটে একজন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এতে কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিম্নমানের নির্মাণকাজ: অনেক এলাকায় ড্রেন সংস্কারের পরও পানি নিষ্কাশনের সমস্যা থেকে যাচ্ছে, যা কাজের মান নিয়ে সন্দেহ সৃষ্টি করছে।
অতিরিক্ত ব্যয় (Overbilling): প্রকল্পে বাস্তব ব্যয়ের তুলনায় বেশি বিল দেখানোর অভিযোগ রয়েছে।
পর্যাপ্ত তদারকির অভাব: কাজের গুণগত মান নিশ্চিত করতে পর্যাপ্ত নজরদারি হয়নি বলে দাবি করা হচ্ছে।
এ বিষয়ে অঞ্চল-১ এর প্রকৌশলী (পুর) নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেরিন চাকমাকে কাজটি সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগ রয়েছে, মেরিন চাকমা সরাসরি সাইটে উপস্থিত না থেকে শুধু ফোনে যোগাযোগ রাখছেন।
অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জামান ইন্সট্রাকশন’-এর কর্মকর্তা মো. রিপন মিয়া বলেন, “মেরিন চাকমার সঙ্গে কথা হয়েছে, আপনারা তার সঙ্গে কথা বলুন।”
স্থানীয়দের অভিযোগ, এভাবে নিম্নমানের কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে এবং ভোগান্তি বাড়বে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন